হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে পৌর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পূর্বে জারি করা নিষেধাজ্ঞামূলক আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়, বুধবার (২৯ জুলাই) সম্ভাব্য সংঘর্ষ, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, বর্তমানে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এ কারণে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সম্ভাব্য সংঘর্ষ ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন বুধবার সকাল ১০টার পর হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদারে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করে।
বুধবার বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তাদের গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্তের ফলে হবিগঞ্জ পৌর এলাকায় স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
কসমিক ডেস্ক