অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের উপকূলে হাঙরের হামলায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে এটি দেশটিতে তৃতীয় প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা।
শনিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বর্শা দিয়ে মাছ শিকার করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। এ সময় মাইকেলমাস দ্বীপের কাছে হঠাৎ একটি হাঙর তার ওপর আক্রমণ চালায়। দ্বীপটি আলবানি শহরের নিকটে এবং পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ৩৮৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
হামলার পর দ্রুত তাকে তীরে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে উপস্থিত প্যারামেডিকরা জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, একই দিনে মাইকেলমাস দ্বীপের আশপাশে প্রায় ৪ দশমিক ৫ মিটার দীর্ঘ একটি হাঙর দেখা গেছে বলে একজন প্রত্যক্ষদর্শী তথ্য দিয়েছেন। তবে হাঙরটির সুনির্দিষ্ট প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে ২৪ মে গ্রেট ব্যারিয়ার রিফ এলাকায় মাছ ধরার সময় হাঙরের হামলায় ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এছাড়া তার প্রায় ১০ দিন আগে পার্থের কাছাকাছি একটি দ্বীপের উপকূলে হাঙরের আক্রমণে ৩৮ বছর বয়সী আরেক ব্যক্তির প্রাণহানি ঘটে।
সংরক্ষণবাদী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রতি বছর গড়ে প্রায় ২০টি হাঙর হামলার ঘটনা ঘটে। তবে এসব ঘটনার বেশিরভাগই প্রাণঘাতী নয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির সমুদ্রসৈকতগুলোতে হাঙরের আক্রমণের তুলনায় ডুবে মৃত্যুর ঘটনা অনেক বেশি ঘটে।
তবুও সাম্প্রতিক সময়ে অল্প ব্যবধানে একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং সমুদ্রে মাছ শিকারকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সমুদ্র উপকূলে সতর্কতা জোরদার করা হয়েছে।
কসমিক ডেস্ক