রাজধানীর ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবিকে মন্ত্রিসভায় দেখতে চান এলাকার তরুণদের একটি বড় অংশ। তাদের মতে, তিনি মন্ত্রী হলে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সমস্যার সমাধানে গতি আসবে।
ধানমন্ডি, হাজারীবাগ ও কলাবাগানসহ বিভিন্ন এলাকায় কথা বলে জানা গেছে, তরুণদের মধ্যে তাকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচনের আগে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতি, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং তরুণদের বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ততা তাকে জনপ্রিয় করে তুলেছে বলে তারা মনে করেন।
স্থানীয়দের মতে, ঢাকা-১০ আসনে দীর্ঘদিন ধরে যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, কর্মসংস্থান সংকট ও নাগরিক সেবার সীমাবদ্ধতার মতো সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে একজন শক্তিশালী নীতিনির্ধারক হিসেবে শেখ রবিউল আলম রবির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
ধানমন্ডির বাসিন্দা সেলিম মিয়া বলেন, এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে দ্রুত উদ্যোগ প্রয়োজন। তিনি মন্ত্রী হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলে আশা করছেন তারা।
হাজারীবাগের ব্যবসায়ী রাশেদ মাহমুদ বলেন, জাতীয় পর্যায়ে শক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত হলে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদের মতে, তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার কারণে শেখ রবিউল আলম রবির প্রতি যুবসমাজের আস্থা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভা গঠন সম্পূর্ণভাবে দলের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে স্থানীয় পর্যায়ে কোনো জনপ্রতিনিধিকে ঘিরে তরুণদের এমন প্রত্যাশা তার রাজনৈতিক গ্রহণযোগ্যতারই প্রতিফলন।
সব মিলিয়ে ঢাকা-১০ আসনের তরুণরা চান, তাদের নির্বাচিত প্রতিনিধি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুন।
কসমিক ডেস্ক