ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে ভোটের মাধ্যমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
সংসদ অধিবেশনে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম স্পিকার পদে প্রস্তাব করা হয়। পরে সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।
একই অধিবেশনে ডেপুটি স্পিকার পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করা হলে সংসদের সদস্যদের সমর্থনে তিনি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
এর আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে মনোনয়ন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব সমর্থন করেন। পরে বিরোধী দলের পক্ষ থেকেও এ প্রস্তাবে সমর্থন জানানো হয়।
বিরোধী দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সভাপতির প্রস্তাবের প্রতি সমর্থন জানান। ফলে সংসদের কার্যক্রম শুরু করার জন্য সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন খন্দকার মোশাররফ হোসেন।
অধিবেশন শুরুর আগে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের কার্যক্রম শুরু হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বক্তব্য দেন।
বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহীদদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও স্মরণ করেন। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি।
এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তারেক রহমান আরও বলেন, তিনি দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। পরিবারভিত্তিক স্বনির্ভরতা নিশ্চিত করতে পারলে ধীরে ধীরে পুরো দেশই একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে।
তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার বিষয়টি জাতীয় লক্ষ্য হওয়া উচিত এবং এ বিষয়ে কোনো বিরোধ থাকার কথা নয়। তাই এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির প্রবীণ নেতা হিসেবে পরিচিত।
রাজনৈতিক জীবনে তিনি পাটমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধের অবদানের কারণে তাকে সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কসমিক ডেস্ক