জীবনের নতুন অধ্যায়ে পা রাখার পরপরই আবেগঘন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় উপস্থাপক দীপ্তি চৌধুরী। বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে স্বামীকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দেন।
দীপ্তি চৌধুরীর ব্যবহৃত বাক্যটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বহুল পরিচিত সংলাপ থেকে অনুপ্রাণিত। মূল সংলাপে ছিল, ‘ডাক্তার সাহেব, তুমি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছ! তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।’ নিজের জীবনের বিশেষ মুহূর্তে সেই সাহিত্যিক আবেগকে নতুনভাবে উপস্থাপন করে ‘ডাক্তার সাহেব’-এর পরিবর্তে ‘মাস্টার সাহেব’ শব্দটি ব্যবহার করেছেন তিনি।
শুক্রবার ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে দীপ্তি চৌধুরীর আক্দ সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। ঘরোয়া পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নবদম্পতির জন্য শুভকামনা জানান উপস্থিত অতিথিরা।
দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে অধ্যয়ন শেষে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রেও সক্রিয়ভাবে যুক্ত আছেন।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে দীপ্তি চৌধুরীর পরিবারের এক সদস্য জানান, আপাতত আক্দ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে।
আক্দের পর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও কয়েকটি ছবি শেয়ার করেন দীপ্তি। ছবিগুলোতে নবদম্পতির আনন্দঘন মুহূর্ত ধরা পড়লেও সবচেয়ে বেশি আলোচনায় আসে তার আবেগময় ক্যাপশনটি। ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মিশেলে লেখা সেই বার্তা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পোস্টের মন্তব্যের ঘরেও শুভেচ্ছার বন্যা বইতে দেখা যায়। সহকর্মী, বন্ধু এবং ভক্তরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। নতুন জীবনের শুরুতেই দীপ্তি চৌধুরীর এই আবেগঘন প্রকাশ অনেকের মন ছুঁয়ে গেছে।
কসমিক ডেস্ক