জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল লেখার ঘটনায় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র অনুযায়ী, শুধু বানান ভুল নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানে প্রদর্শন এবং পরে সেই নাম ভুলভাবে উপস্থাপন করা প্রশাসনিকভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বিষয়টি সরকারের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছালে কিউরেটরকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-৪ শাখা থেকে গত বৃহস্পতিবার ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়। একই সঙ্গে তাকে অধিদপ্তরের লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ পদে দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে, নতুন কিউরেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির কারণ সরাসরি উল্লেখ করা হয়নি; সেখানে জনস্বার্থে এই রদবদল করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে পবিত্র ঈদুল আজহার আগে অ্যালবিনো মহিষটি দেশজুড়ে আলোচনায় আসে। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের এই মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পায়।
চিড়িয়াখানায় প্রদর্শনের সময় নামের ফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’ এর পরিবর্তে ‘ট্টাম্প’ লেখা হলে নতুন করে বিতর্ক শুরু হয়। বিষয়টি ভাইরাল হলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফলক পরিবর্তন করে এবং পরবর্তীতে মহিষটির নাম পরিবর্তন করে ‘সাদা মহিষ’ রাখা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ঘটনাটি প্রশাসনিকভাবে বিব্রতকর হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক