বছরের পর বছর রাজধানীর ফুটপাতে মানবেতর জীবনযাপন করা অসহায় মুক্তা বেগম ও তার ছোট সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর পুরান পল্টনে গিয়ে মুক্তা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তার জীবনসংগ্রাম, পারিবারিক অবস্থা ও আর্থিক সংকটের বিষয়ে খোঁজখবর নেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, মুক্তা বেগম তার নির্বাচনী এলাকা নেত্রকোনার মোহনগঞ্জের বাসিন্দা। তিনি জানতে পেরে যে মুক্তা দীর্ঘদিন ধরে ছোট সন্তানকে নিয়ে রাজধানীর ফুটপাতে বসবাস করছেন এবং অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন, তাই সরাসরি তার সঙ্গে দেখা করতে এসেছেন।
তিনি জানান, মুক্তা বেগমের জন্য মোহনগঞ্জে একটি ছোট জায়গায় বাড়ি নির্মাণের ব্যবস্থা করবেন। পাশাপাশি তার ছোট ছেলের দায়িত্ব নেওয়ার কথাও জানান। বাবরের ভাষ্য অনুযায়ী, মুক্তা বেগমের জন্য একটি উপযুক্ত চাকরির ব্যবস্থা করাই এখন তার অগ্রাধিকার।
অন্যদিকে মুক্তা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তিনি দুই ছেলে ও এক মেয়ের পরিবার নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন। মেয়ের বিয়ে হয়েছে, বড় ছেলে মাদকাসক্ত এবং বর্তমানে ছোট ছেলে মেহেদিকে নিয়েই তার সংসার। তিনি জানান, সন্তানদের নিরাপত্তার শঙ্কায় অনেক সময় ঘুমানোর সময় তাদের পায়ে দড়ি বেঁধে রাখতেন, যাতে কেউ তাদের নিয়ে যেতে না পারে।
মুক্তা বেগম আরও বলেন, লুৎফুজ্জামান বাবর তাকে দেখভালের আশ্বাস দিয়েছেন। এজন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।
কসমিক ডেস্ক