মহাকাশ থেকে রাতের পৃথিবী দেখতে কেমন—সেই বিরল ও মনোমুগ্ধকর দৃশ্যের নতুন কিছু ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে ধারণ করা এই ছবিগুলোতে পৃথিবীর অন্ধকার বুকে শহরের আলো, উপকূলরেখা এবং বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের স্পষ্ট পার্থক্য দেখা গেছে।
NASA জানিয়েছে, ছবিগুলো থাইল্যান্ড উপসাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অতিক্রম করার সময় তোলা হয়। এই ছবিতে উজ্জ্বল আলোর ঘন অংশগুলো মূলত বড় শহর ও জনবসতির অবস্থান নির্দেশ করছে। অন্যদিকে সরু আলোর রেখাগুলো মহাসড়ক ও সীমান্ত এলাকার উপস্থিতি বোঝাচ্ছে। সমুদ্র, মরুভূমি ও বনাঞ্চল তুলনামূলকভাবে অন্ধকার দেখা গেছে, কারণ এসব অঞ্চলে কৃত্রিম আলোর ব্যবহার কম।
নাসা আরও জানায়, ছবির কিছু অংশে নীল ও সবুজ আলোর ছোট বিন্দুও দেখা গেছে, যা মূলত সমুদ্র অঞ্চলে মাছ ধরার নৌকার আলো। এই আলো ব্যবহার করা হয় স্কুইড ও ছোট সামুদ্রিক প্রাণী আকর্ষণের জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নাসা লিখেছে, পৃথিবীর কোথাও না কোথাও সবসময় রাত থাকে, এবং সেই রাতের পৃথিবী মহাকাশ থেকে দেখতে কেমন তা উপভোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশ থেকে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অঞ্চলের পার্থক্য খুব সহজে বোঝা যায়। এতে বিভিন্ন দেশ ও মহাদেশের ভৌগোলিক বিস্তারও স্পষ্টভাবে ফুটে ওঠে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা প্রায়ই এই দৃশ্যকে তাদের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে উল্লেখ করেন।
এই ছবিগুলো শুধু নান্দনিক সৌন্দর্যই নয়, বরং পৃথিবীতে জনবসতি, বিদ্যুৎ ব্যবহার ও নগরায়নের চিত্রও তুলে ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, রাতের পৃথিবীও সমানভাবে সুন্দর এবং এটি আমাদেরকে মহাবিশ্বের বিশালতার কথা মনে করিয়ে দেয়।
কসমিক ডেস্ক