দীর্ঘদিন পর নতুন এক চমক নিয়ে সংগীতাঙ্গনে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’। ইতোমধ্যেই গানটির ট্রেলার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি প্রকাশিত ৫৮ সেকেন্ডের ট্রেলারটিতে দেখা গেছে এক ভিন্নধর্মী বালামকে। পুরো ভিডিওজুড়ে ছিল রহস্যময় ও আধ্যাত্মিক আবহ। “মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা”—এমন কথায় সাজানো গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। গানের সুর ও সংগীত পরিচালনাও করেছেন বালাম নিজেই।
এই মিউজিক্যাল ফিল্মে বালামের উপস্থিতি দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ট্রেলারে তাঁর লুক ও উপস্থাপনায় ছিল এক ধরনের সুফিয়ানা অনুভূতি। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে ডার্ক ফিউশন ঘরানার পোশাক তাঁকে দিয়েছে এক যাযাবর শিল্পীর রূপ। কখনও হাতে গিটার, কখনও পাহাড়ি লাঠি—আকাশের দিকে তাকিয়ে তাঁর পরিবেশনা পুরো ভিডিওতে তৈরি করেছে অন্যরকম এক আবেগঘন পরিবেশ।
জানা গেছে, গানটির দৃশ্যধারণ করা হয়েছে নেপালের কালিনচক অঞ্চলে। পাহাড়ি প্রকৃতি, মেঘে ঢাকা পরিবেশ এবং নির্জন লোকেশন ভিডিওটির ভিজ্যুয়াল আবেদন আরও বাড়িয়ে তুলেছে। ট্রেলারে সেই মনোমুগ্ধকর দৃশ্যের আভাসও মিলেছে।
মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ভিজ্যুয়াল নির্মাণে তাঁর স্বতন্ত্র স্টাইল আগেও দর্শকদের নজর কাড়লেও এবার বালামের সঙ্গে এই নতুন কাজটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেশি। সংগীত ও ভিজ্যুয়ালের সমন্বয়ে ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই আয়োজনের আরও একটি বড় আকর্ষণ হচ্ছেন বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া। এই প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে বালামের বিপরীতে নারী চরিত্রে দেখা যাবে তাঁকে। ফলে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে বাস্তব জীবনের এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখার জন্য।
সংগীতপ্রেমীদের অনেকেই মনে করছেন, দীর্ঘ বিরতির পর বালামের এই প্রত্যাবর্তন হতে পারে বিশেষ কিছু। কারণ ট্রেলারের অল্প সময়ের মধ্যেই গানের ভিজ্যুয়াল, পোশাক, লোকেশন ও সংগীতের আবহ দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। বিশেষ করে সুফি ও আধ্যাত্মিক ধাঁচের উপস্থাপনা বর্তমান সময়ের বাংলা গানের ধারায় নতুন মাত্রা যোগ করতে পারে বলেও অনেকে মত দিচ্ছেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘মাওলা’-এর অফিশিয়াল মিউজিক ভিডিও। এখন দর্শকদের অপেক্ষা পুরো গান ও মিউজিক্যাল ফিল্মটি দেখার।
কসমিক ডেস্ক