২০১৮ সালের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মুখো’। রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
নির্মাতা জানান, ‘মুখোশ মুখো’ মূলত একটি পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন, যেখানে রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়াবহ বাস্তবতা ফুটে উঠেছে। এটি ২০১৮ সালে ঘটে যাওয়া বিচার বহির্ভূত একটি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত পাঁচ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। পুরো প্রজেক্টটি বগুড়াতেই নির্মিত হওয়ায় এটি স্থানীয় চলচ্চিত্র নির্মাণের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্মাতা সুপিন বর্মন আরও জানান, চলচ্চিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর আগে এর প্রযুক্তিগত দিকগুলো পর্যালোচনা এবং সাধারণ দর্শকের মতামত নেওয়ার জন্য একটি টেকনিক্যাল শো আয়োজন করা হয়, যা গত ২৩ মে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে চলচ্চিত্রের দুর্বল দিকগুলো চিহ্নিত করার পাশাপাশি দর্শকের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়েছে। তার মতে, দর্শকের মতামত ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘মুখোশ মুখো’ চলচ্চিত্রটি পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনা ও বর্মন ফিল্মের প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন, অরুপ রতন, ফয়সাল, রথি, রবি, সাজিদ, অভি, সবুজ ও স্বাধীনসহ আরও অনেকে।
চিত্রগ্রহণে ছিলেন আশরাফুল ইসলাম, সম্পাদনায় অংকন সরকার এবং সঙ্গীতায়োজনে হিমেল।
চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন বগুড়ার তরুণ অভিনেতা বিভান বাদল। তিনি জানান, এই চলচ্চিত্রে রাষ্ট্রব্যবস্থার এক অন্ধকার ও ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে, যা দর্শকদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে।
অভিনেতা বিভান বাদল ইতোমধ্যে টেলিভিশন নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তিনি বর্তমানে ‘পালোয়ান’ নামের একটি ওয়েব ফিল্মের সঙ্গেও যুক্ত হয়েছেন। পাশাপাশি এই ঈদে দুটি সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারিত হবে।
নির্মাতা ও অভিনেতাদের আশা, ‘মুখোশ মুখো’ চলচ্চিত্রটি আন্তর্জাতিক উৎসবে ভালো সাড়া ফেলবে এবং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণকে আরও এগিয়ে নেবে।
কসমিক ডেস্ক