চাঁদাবাজি-ছিনতাই রোধে মাঠপর্যায়ে কড়া নির্দেশ আইজিপির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁদাবাজি-ছিনতাই রোধে মাঠপর্যায়ে কড়া নির্দেশ আইজিপির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
চাঁদাবাজি-ছিনতাই রোধে মাঠপর্যায়ে কড়া নির্দেশ আইজিপির ছবির ক্যাপশন:

চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে দেশে স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

রবিবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব পুলিশ ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় আইজিপি স্পষ্টভাবে বলেন, কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধে জড়ালে দল-মত-নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় অপরাধীর রক্ষা কবচ হতে পারে না।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ যদি জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে বিশেষ গুরুত্বারোপ করে আইজিপি হাইওয়ে পুলিশকে কড়া নির্দেশ দেন। তিনি বলেন, “যেকোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে।” এ ক্ষেত্রে শুধু হাইওয়ে পুলিশ নয়, জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

আইজিপি বলেন, অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল জোরদার করতে হবে। চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ পেলে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নিতে হবে।

জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তিনি সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে গাফিলতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ে চলমান অপরাধ পরিস্থিতি ও প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগ বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয়ভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

আইজিপির এ নির্দেশনার পর মাঠপর্যায়ে বিশেষ অভিযান ও নজরদারি আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অভিনয় ছেড়ে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় রিমি সেন

অভিনয় ছেড়ে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় রিমি সেন