জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে সমর্থন জানিয়েছে আলজেরিয়া। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি এ সমর্থনের কথা জানান।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো। দুই দেশই সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে আলজেরিয়ান রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা তুলে ধরেন। বিভিন্ন খাতে সম্ভাব্য যৌথ কর্মসূচি গ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর এবং নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আলজেরিয়ার সমর্থন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।
কসমিক ডেস্ক