শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৭০০ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব উপহার বিতরণ করেন।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দের অনুভূতি দেখা যায়।
তারা জানান, এই সহায়তা তাদের ঈদের প্রস্তুতিতে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেন, হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে নড়িয়ার নশাসন ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এই ইউনিয়নের প্রায় ৭০০টি দরিদ্র পরিবারের হাতে সহায়তার ব্যাগ তুলে দেওয়া হয়েছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সফিকুর রহমান কিরণ বলেন, তাদের বিশ্বাস আগামী এক বছর পর আবার রমজান মাস এলে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন একটি সময় আসবে যখন সহায়তার ব্যাগ নিয়ে অপেক্ষা করতে হবে, কিন্তু এত হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।
সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে—এটাই তাদের প্রত্যাশা।
তিনি বলেন, সমাজের গৃহহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন।
বিশেষ করে অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাদের দেখাশোনা করার মতো কেউ নেই।
এমন অনেক মানুষ রয়েছেন যারা অনেক সময় না খেয়েই দিন কাটান।
এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যই তারা কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।
এমপি কিরণ আরও বলেন, তিনি চান তার নির্বাচনী এলাকা নড়িয়া ও সখিপুরের মানুষ যেন আর কখনো না খেয়ে ঘুমাতে না যায়।
এটিকে তিনি নিজের অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি উপস্থিত ছিলেন।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট বি এম আজিজুল হাকিম, হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি হাবিবুর রহমান পলাশ, পরিচালক মাহবুবুর রহমান ফকির, মোসাম্মৎ সাধনা মাঝি ও হোসাইন ইসলাম জয় উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক