রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাসেল মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম সাকের জানান, পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেপ্তার করে রাঙামাটিতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, রাসেল একটি মামলার সন্দিগ্ধ আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের খবর জানার পর রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা চান। ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি অতিরঞ্জিত ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন।
ক্ষমা চেয়ে দেওয়া পোস্টে তিনি নিজেকে বিএনপি পরিবারের সদস্য এবং ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দেন। স্থানীয় ছাত্রদল নেতাদের দাবি, তিনি অতীতে ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন।
বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ জানান, রাসেল মাহমুদ ২০১৮–১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। তার পরিবারও রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত।
অন্যদিকে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, রাসেল মাহমুদ আরও একটি মামলার আসামি হওয়ায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
কসমিক ডেস্ক