তারেক রহমান তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করেছেন। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সময়ানুবর্তিতার বিষয়ে খোঁজখবর নেন এবং নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান এবং দিনের কার্যক্রম শুরু করেন।
অতিরিক্ত প্রেসসচিব জানান, এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে সচিবালয়ের অনেক কর্মকর্তা অভিভূত হন। তিনি আরও বলেন, সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা কারা কারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়েছেন—সেই বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দেন, যাতে সবাই নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত হন এবং নিয়মিত সময়ানুবর্তিতা বজায় রাখেন। সরকারি কাজের গতি ও সেবার মান উন্নত করতে সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি কার্যক্রমে শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে তিনি নিয়মিত সচিবালয়ে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথের পরপরই তিনি সচিবালয়ে নিয়মিত অফিস কার্যক্রম শুরু করেন।
সরকারি প্রশাসনে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক