পূর্ব এশিয়ার দেশ জাপান-এর বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এই ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জিএফজেড।
জিএফজেড-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার (২৫ মার্চ) রাতেও জাপানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল ৪ দশমিক ২। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে। ফলে টানা দুই দিনের কম্পনে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।
হনশু দ্বীপটি জাপানের পূর্ব উপকূলে অবস্থিত এবং এটি দেশটির প্রধান জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। রাজধানী টোকিওসহ গুরুত্বপূর্ণ অনেক শহর এই দ্বীপে অবস্থিত।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলার ওপর অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। বিশেষ করে প্যাসিফিক প্লেট ও ফিলিপাইন সি প্লেটের পারস্পরিক সংঘর্ষের কারণে এখানে নিয়মিত ভূমিকম্প ঘটে।
এই ঝুঁকি মোকাবিলায় জাপানে ভবন নির্মাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে নিম্ন ও মাঝারি মাত্রার ভূমিকম্পেও অধিকাংশ স্থাপনা টিকে থাকতে সক্ষম হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প জাপানে অস্বাভাবিক নয়। তবে বড় ধরনের কম্পনের আশঙ্কা সবসময় মাথায় রেখে দেশটির দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা সক্রিয় রাখা হয়।
কসমিক ডেস্ক