বুড়িচং বাজারে অগ্নিকাণ্ড মোকাবিলা মহড়া প্রদর্শন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বুড়িচং বাজারে অগ্নিকাণ্ড মোকাবিলা মহড়া প্রদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
বুড়িচং বাজারে অগ্নিকাণ্ড মোকাবিলা মহড়া প্রদর্শন ছবির ক্যাপশন:

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তরুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। সকাল ১১টার দিকে শুরু হওয়া এই র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বুড়িচং উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে অবহিত করার চেষ্টা করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ এবং মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা।

এছাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। তাই জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

সভায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়া আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।

আলোচনা সভা শেষে বুড়িচং বাজারের মাস্টার মার্কেটে অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং কীভাবে নিরাপদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তা প্রদর্শন করা হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়ার মাধ্যমে আগুন নেভানোর বিভিন্ন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপস্থিতদের ধারণা দেন। এতে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আগ্রহ নিয়ে অংশ নেন এবং বিষয়গুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তৈরি হবে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে জেন-জি প্রজন্মের বিজয়: বালেন্দ্র শাহের নেতৃত্বে নতুন

নেপালে জেন-জি প্রজন্মের বিজয়: বালেন্দ্র শাহের নেতৃত্বে নতুন