সরকার কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে ইউসুফ মোল্লা টিপুকে নিয়োগ দিয়েছে।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাকে কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
এ দায়িত্ব পালনের সময় তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং নিয়মিত প্রশাসনিক দায়িত্বও পালন করবেন।
সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত সম্মানী এবং অন্যান্য সুযোগ-সুবিধাও তিনি পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউসুফ মোল্লা টিপু বলেন, এই দায়িত্ব দেওয়ায় তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, তার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন।
একই সঙ্গে কুমিল্লা নগরীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবেন বলেও জানান তিনি।
টিপু আরও বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে তিনি দায়িত্বশীলভাবে কাজ করতে চান।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর এবং জনমুখী করার লক্ষ্যেই তিনি দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার একটি মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
এই সংগঠনের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
এ ছাড়া তিনি কুমিল্লার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত আছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কসমিক ডেস্ক