ফাইনালে ছন্নছাড়া বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফাইনালে ছন্নছাড়া বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ফাইনালে ছন্নছাড়া বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত ছবির ক্যাপশন:

পারল না বাংলাদেশ। নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ম্যাচের প্রথমার্ধে নিয়ন্ত্রিত ফুটবল খেলে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। এই অর্ধে আরও তিনটি গোল হজম করে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

অথচ টুর্নামেন্টের গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচে ১৮ গোল করলেও প্রতিপক্ষরা বাংলাদেশের জালে কোনো গোল করতে পারেনি। গ্রুপ পর্বে ভারতকে ২-০ গোলে হারানোর আত্মবিশ্বাসও ছিল বাংলাদেশের ঝুলিতে। কিন্তু ফাইনালে পুরো চিত্রটাই ছিল ভিন্ন।

ফাইনালে ভারত পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেললেও বাংলাদেশ ছিল ছন্নছাড়া। কোচ পিটার বাটলারের রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে। গোলরক্ষক ইয়ারজানের একাধিক ভুল পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে ভারতীয় অধিনায়ক বক্সে সম্পূর্ণ আনমার্কড অবস্থায় সুযোগ পান এবং সহজেই গোল করেন। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় ভারত। লং বল সামলাতে গিয়ে গোলরক্ষক ইয়ারজান ব্যর্থ হলে ভারতীয় ফরোয়ার্ড পড়ে যান এবং রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত।

এর কয়েক মিনিট পর প্রতীমার ব্যাক পাস থেকে শট নিতে গিয়ে আবারও ভুল করেন ইয়ারজান। সামনে ছুটে আসা পার্ল ফার্নান্দেজের শরীরে বল লেগে ফিরে এলে আলতো টোকায় তৃতীয় গোল করে ভারত। ম্যাচের ৮৩ মিনিটে রক্ষণভাগের আরেকটি ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ।

সব মিলিয়ে গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরম্যান্স ফাইনালে ধরে রাখতে না পারায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইতিহাসের নীরব সাক্ষী: মানবিক ফাতেমা

ইতিহাসের নীরব সাক্ষী: মানবিক ফাতেমা