রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হালকা বৃষ্টির মধ্যে পাহাড় থেকে একটি খেজুর গাছ উপড়ে পড়ে লক্ষ্মী বিকাশ চাকমা (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্ল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মী বিকাশ চাকমা সকালে নিজ জমিতে চাষাবাদের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বিশ্রাম নেওয়ার জন্য তিনি পাহাড়ের নিচে বসেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ায় পাহাড়ের ওপর থেকে একটি খেজুর গাছ উপড়ে তার ওপর পড়ে যায়। গাছের আঘাতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গাছ কেটে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, রাঙামাটিতে বর্তমানে হালকা বৃষ্টিপাত হলেও এখন পর্যন্ত ভারী বর্ষণ হয়নি এবং কোথাও পাহাড়ধসের ঘটনা ঘটেনি। নিহত ব্যক্তি পাহাড়ধসে নয়, বরং পাহাড়ের ওপর থেকে উপড়ে পড়া একটি গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন।
ইউএনও আরও জানান, নিহতের পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বর্ষাকালে পাহাড়ি এলাকায় বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে গাছ উপড়ে পড়া এবং অন্যান্য প্রাকৃতিক ঝুঁকি বেড়ে যায়। এ ধরনের পরিস্থিতিতে পাহাড়ের ঢাল বা বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বৃষ্টির সময় কৃষিকাজ বা বাইরে অবস্থানের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কসমিক ডেস্ক