ঈদের ৯ দিন পরও পড়ে আছে চামড়া, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদের ৯ দিন পরও পড়ে আছে চামড়া, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
ঈদের ৯ দিন পরও পড়ে আছে চামড়া, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ছবির ক্যাপশন: বাঞ্ছারামপুরে সড়ক ও খালের পাশে পড়ে থাকা পচা কোরবানির চামড়ায় ছড়াচ্ছে দুর্গন্ধ ও দূষণ

বিশ্ব পরিবেশ দিবসের দিনেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পরিবেশ দূষণের এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। কোরবানির ঈদের প্রায় ৯ দিন পরও উপজেলার বিভিন্ন সড়ক ও খালের পাশে পড়ে আছে অবিক্রীত পশুর চামড়া, যা পচে গিয়ে মারাত্মক দুর্গন্ধ ও জনদুর্ভোগ সৃষ্টি করছে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা যায়, বাঞ্ছারামপুর-নবীনগর-ঢাকা-মুরাদনগর আঞ্চলিক সড়কের রূপসদী থেকে ফতেপুর সড়কের পাড়াতলী ও ছয়ফুল্লাকান্দিসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও খালের ধারে ফেলে রাখা হয়েছে এসব চামড়া। যথাযথ সংরক্ষণ ও অপসারণ না করায় এগুলো দ্রুত পচে পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঈদের পর থেকেই এসব চামড়া পড়ে থাকায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পথচারী ও এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি ঘরেও দুর্গন্ধ প্রবেশ করছে বলে অনেকে জানিয়েছেন।

একজন স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, সড়কের পাশে দীর্ঘদিন ধরে চামড়া পড়ে থাকায় চলাচল করা কঠিন হয়ে পড়েছে। খালের পানিও দূষিত হয়ে যাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন জানান, কারা এসব চামড়া ফেলে গেছে তা জানা না গেলেও দ্রুত অপসারণ না করা হলে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক সহযোগী সংগঠন) বাঞ্ছারামপুর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন বলেন, পচা চামড়ার কারণে খালের পানি দূষিত হয়ে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে জেনেছেন এবং দ্রুত এসব বর্জ্য অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ব পরিবেশ দিবসে স্থানীয়দের দাবি, কোরবানির পশুর চামড়া ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা গ্রহণ করা না হলে প্রতি বছরই এ ধরনের পরিবেশ বিপর্যয় ঘটবে। তাই এখনই টেকসই ও বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবতে চায় ইরান

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবতে চায় ইরান