নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। হামলাকারীরা গ্রামে ঢুকে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
সোমবার (২৭ জুলাই) সংঘটিত এই হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা অতর্কিতভাবে নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালায়। আগুনে পুড়ে আট শিশুর মৃত্যু হয় এবং গুলিবিদ্ধসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দীর্ঘদিন ধরেই দেশটির নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
কাডুনা রাজ্যের পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রদেশটির পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে সশস্ত্র হামলা, অপহরণ এবং গ্রামাঞ্চলে সহিংসতার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। নিরাপত্তা জোরদার এবং হামলাকারীদের আইনের আওতায় আনতে সরকারের ওপর চাপও বাড়ছে।
কসমিক ডেস্ক