মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে Amazon Web Services (এডব্লিউএস)-এর দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিবিসি-র এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশে মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে।
এ প্রেক্ষাপটে এডব্লিউএস জানায়, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের ডেটা সেন্টারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট ভবনের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সেবা বিঘ্নের ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ডেটা সেন্টারগুলো একটি নির্দিষ্ট অঞ্চলে ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ডিজিটাল সেবার জন্য তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে। ফলে এ ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতি হলে তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা ও ইন্টারনেট সেবায় পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এডব্লিউএস তাদের গ্রাহকদের অবিলম্বে ডেটা ব্যাকআপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রয়োজনে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্যান্য অঞ্চলে সিস্টেম স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাতের প্রভাব শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না; বরং তা বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোকেও ঝুঁকির মুখে ফেলছে। ক্লাউডভিত্তিক সেবার ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর জন্য এমন পরিস্থিতি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এ ঘটনায় এখনো সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক নিরাপত্তা মূল্যায়নের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
কসমিক ডেস্ক