চলতি বছর পবিত্র আশুরা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা বা অতিরিক্ত ছুটি থাকছে না। কারণ আশুরার দিনটি এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে, ফলে আলাদা করে বাড়তি ছুটি ভোগ করার সুযোগ থাকছে না।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর সম্ভাব্য ছুটি ২৬ জুন (শুক্রবার) বা চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৭ জুন (শনিবার) হতে পারে। দুই ক্ষেত্রেই দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ে যাচ্ছে। ফলে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে, তবে আলাদা কোনো অতিরিক্ত ছুটি যুক্ত হচ্ছে না।
জানা গেছে, জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে ১৬ জুন মহররম মাসের চাঁদ দেখা যাবে এবং সে অনুযায়ী ২৬ জুন আশুরা নির্ধারিত হবে। আর যদি জিলহজ ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে ১৭ জুন মহররমের চাঁদ দেখা যাবে এবং ২৭ জুন আশুরা পড়বে।
এ বিষয়ে আগামী ১৬ জুন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা এবং আশুরার তারিখ নির্ধারণে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ইসলামিক ইতিহাসে মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়, যা মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনা স্মরণ করা হয়, এবং এটি শোক ও তাৎপর্যের সঙ্গে পালন করা হয়।
কসমিক ডেস্ক