বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, রমজানে দেশের জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, “আমি প্রাণপণ চেষ্টা করব যেন মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায়। যান্ত্রিক কারণে দু-একটি ত্রুটি হতে পারে, তবে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকবে বলে আশা করি।”
মন্ত্রী আরও জানান, বিগত সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়া এবং জ্বালানি আমদানির চ্যালেঞ্জ মোকাবিলা করা তাঁর জন্য একটি কঠিন পরীক্ষা। তিনি চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সর্বোচ্চ সুফল দেওয়া যায় কি না।
তিনি সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচিত হওয়ায় তিনি শহরের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন। ব্যক্তিগত এক প্রশ্নের জবাবে তিনি হাস্যোজ্জ্বলভাবে উল্লেখ করেন, তিনি এবং প্রতিমন্ত্রী এম এ মুহিত মন্ত্রিসভায় ‘মামা-ভাগনে’ হিসেবে রয়েছেন, যা নতুন নয়।
মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সিরাজগঞ্জে দুইদিনের সরকারি সফরে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।
দুপুরে তিনি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের পৈতৃক বাড়িতে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সন্ধ্যায় স্থানীয় একটি ইফতার মাহফিলে অংশ নেন।
কসমিক ডেস্ক