টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হলেও এবারের আসরে বাংলাদেশের অংশগ্রহণ নেই। ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে না থাকায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই ছিল দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য উৎসবের সময়। টাইগারদের মাঠে লড়াই দেখার অপেক্ষায় থাকতেন সবাই। তবে এবারে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
তার মতে, নিরাপত্তাজনিত অজুহাতে বাংলাদেশকে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া শুধু ক্রিকেটারদের নয়, পুরো জাতিকেই অপমান করার শামিল। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবেই বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ আসর থেকে দূরে রাখা হয়েছে।
জামায়াত আমির আরও বলেন, দেশের ক্রিকেটারদের কষ্ট তিনি উপলব্ধি করেন এবং তাদের সঙ্গে তিনি সমব্যথী। দেশের মর্যাদা ও স্বপ্নের প্রশ্নে কোনো আপস করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাথা উঁচু করে ফিরবে। শক্তি, সম্মান ও গর্ব নিয়ে বিশ্বমঞ্চে দেশের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা হবে—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
কসমিক ডেস্ক