ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, তবে আওয়ামী লীগ একটি বড় দল। তাদের অনেক ভোটার রয়েছে। তারা এখন কী করবে? তাদের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল। তাই নির্বাচনে তারা ধানের শীষে ভোট দেবে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলার সদর উপজেলার পান্নাতলা বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটাররা এখন রাজনৈতিকভাবে অনিশ্চয়তায় রয়েছে। এমন পরিস্থিতিতে তারা বিএনপিকেই নিরাপদ আশ্রয় হিসেবে দেখছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও দাবি করেন, নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোটারদের বড় অংশ ধানের শীষ প্রতীকের পক্ষেই যাবে।
এ সময় তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, ‘আমরা তো জামায়াত সম্পর্কে জানি। তাদের একটাই পুঁজি, সেটি হলো দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি। তাই তারা চাইলে জান্নাত দিয়ে দিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা, আপনারা ভোট চান মানুষের কাছে যান। কিন্তু দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্তি করবেন না। এর মাধ্যমে জনগণ জামায়াতকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। আপনারা রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করুন।’
রাশেদ খান দাবি করেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা ঠিক নয় এবং এতে দেশের ধর্মপ্রাণ মানুষ ভুল বার্তা পাচ্ছে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জনগণ এখন আগের চেয়ে বেশি সচেতন এবং বিভ্রান্তিকর প্রচারণা প্রত্যাখ্যান করছে।
নির্বাচনী গণসংযোগে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক