মার্কিন হামলায় সাতজন ইরানি সেনা নিহত হওয়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর শহরের কাছে একটি সামরিক ছাউনিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় নিহতরা ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন। তবে হামলায় আহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সাম্প্রতিক কয়েক দিনের হামলায় দেশের দক্ষিণাঞ্চলে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে এবং দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধও পুনরায় আরোপ করেছে।
বিশ্লেষকদের মতে, ১৭ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করেই বিরোধ আরও তীব্র হয়ে উঠছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি পরিবহন এই নৌপথ দিয়ে হওয়ায় পরিস্থিতি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, তেহরান যদি কোনো সমঝোতায় না আসে, তবে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সামরিক হামলা আরও জোরদার করা হবে।
ক্রমবর্ধমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করছে।
কসমিক ডেস্ক