ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে যমুনা সেতু দিয়ে একদিনে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এই সময়ে যানবাহনগুলো থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন সেতু পার হয়েছে। এ সময় থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা।
অন্যদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় ও যানবাহন পারাপার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে আলাদা দুটি করে বুথ মোটরসাইকেল পারাপারের জন্য নির্ধারণ করা হয়েছে।
ঈদযাত্রায় বাড়তি চাপ থাকলেও কর্তৃপক্ষ বলছে, যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
কসমিক ডেস্ক