আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের অধিকাংশ বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ও কিছু এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।
আবহাওয়াবিদদের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় থাকায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
কসমিক ডেস্ক