ভারতে ক্রিকেটার ও চলচ্চিত্র তারকাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। অতীতে অনেক ক্রিকেটার ও বলিউড তারকার সম্পর্ক শিরোনাম হয়েছে। সেই তালিকায় দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার নামও। তবে প্রায় ১৮ বছর পর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রেট লি।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) হয়ে খেলতে ভারতে আসেন ব্রেট লি। সে সময় ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক ছিলেন প্রীতি জিনতা। দলের বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ব্রেট লি।
সম্প্রতি মুম্বাইয়ে একটি শুটিংয়ে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতা সম্পর্কে তিনি বলেন, তারা অতীতেও ভালো বন্ধু ছিলেন এবং এখনও সেই বন্ধুত্ব অটুট রয়েছে।
ব্রেট লির ভাষ্য, প্রীতি একজন বুদ্ধিমতী ও সম্মানিত নারী। তার প্রতি সবসময়ই গভীর শ্রদ্ধা ছিল এবং আছে। তিনি আরও বলেন, গুঞ্জন বা গসিপ তাকে কখনো বিচলিত করেনি, কারণ তিনি সত্য জানতেন। মানুষের নানা ধরনের আলোচনা চলতেই পারে, কিন্তু সেগুলোকে তিনি কখনো নিজের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দেননি।
অন্যদিকে প্রীতি জিনতাও বহু বছর আগে একই ধরনের মন্তব্য করেছিলেন। ২০১০ সালে তিনি জানিয়েছিলেন, ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন পুরোনো বিষয় হয়ে গেছে এবং বাস্তবে তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের।
ব্যক্তিগত জীবনে ব্রেট লি প্রথমে এলিজাবেথ কেম্পকে বিয়ে করলেও পরে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। অন্যদিকে প্রীতি জিনতা বর্তমানে অভিনয়ের পাশাপাশি আইপিএলের দল পাঞ্জাব কিংসের ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ব্রেট লির এই বক্তব্য আবারও স্পষ্ট করল, তাদের সম্পর্ক কখনোই বন্ধুত্বের সীমা অতিক্রম করেনি।
কসমিক ডেস্ক