জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ পুলিশ। আগামী দুই মাসের মধ্যে ১২৫ সদস্যের একটি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) এবং একটি সোয়াট প্লাটুন পাঠানোর পরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের ইন্টারনাল অপারেশনস শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, জাতিসংঘের ‘পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম’–এর আওতায় প্রয়োজনীয় যানবাহন, প্রযুক্তিগত সরঞ্জাম ও অন্যান্য মালামাল প্রস্তুত এবং যাচাইয়ের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ পুলিশের ডিআইজি (ফিন্যান্স) মো. আতিকুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার, আশরাফুজ্জামান ও মো. আব্দুল্লাহ আল-মামুন।
এ ছাড়া কমিটিতে রয়েছেন কেপিএইচের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের এআইজি এ.এইচ.এম. ইয়াহদুল ইসলাম ও ড. মাসুরা বেগম, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরী।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে মিশনে ব্যবহৃত যানবাহন, প্রধান সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা, নতুন সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ গ্রহণ, জাতিসংঘ প্রতিনিধিদের পরিদর্শনের প্রস্তুতি, কার্গো লোড তালিকা প্রস্তুত এবং সোয়াট সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে মেধার ভিত্তিতে চূড়ান্ত ইউনিট গঠন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলি হোসেন ফকিরের অনুমোদনে জারি করা এই আদেশে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন।
কসমিক ডেস্ক