এক বছরে রাঙ্গাবালীতে ছয় ইউএনওর বদলি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এক বছরে রাঙ্গাবালীতে ছয় ইউএনওর বদলি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
এক বছরে রাঙ্গাবালীতে ছয় ইউএনওর বদলি ছবির ক্যাপশন:

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে গত এক বছরে ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে অস্থিরতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের দাবি, ঘন ঘন ইউএনও পরিবর্তনের কারণে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জরুরি সিদ্ধান্ত গ্রহণে বিঘ্ন ঘটছে।

বর্তমানে পাশের উপজেলা গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গাবালীর ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ জুলাই ইউএনও হিসেবে দায়িত্ব নেন রাজীব দাশ পুরকায়স্থ। তিনি একই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর দায়িত্ব পান মো. নাহিদ ভূঞা, যিনি ২০২৬ সালের ২৬ মার্চ পর্যন্ত দায়িত্বে ছিলেন।

পরবর্তীতে গলাচিপার তৎকালীন ইউএনও মো. মাহমুদুল হাসান প্রায় এক মাস অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এরপর দুই দফায় ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান। পরে ১৭ মে দায়িত্ব নেন নিরুপম মজুমদার। তিনি মাত্র এক মাস আট দিন দায়িত্ব পালন করে ২৫ জুন বদলি হন।

সবশেষ ২৬ জুলাই শাওন মজুমদার সুমন ইউএনও হিসেবে যোগ দিলেও পূর্ববর্তী কর্মস্থলে ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও লেটার তৈরির অভিযোগ ওঠায় যোগদানের পরদিনই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। ফলে তিনি মাত্র এক দিন দায়িত্ব পালন করেন। এরপর থেকে গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের ভাষ্য, রাঙ্গাবালী ও গলাচিপার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় আগুনমুখা নদী পেরিয়ে দীর্ঘ নৌপথে যাতায়াত করতে হয়। এতে অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনওর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। ফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত এবং জনসেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ বলেন, ইউএনও উপজেলা প্রশাসনের প্রধান সমন্বয়কারী। কোনো কর্মকর্তা স্থানীয় সমস্যা ও সম্ভাবনা বোঝার আগেই বদলি হলে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় বাসিন্দারা ভৌগোলিক বিচ্ছিন্নতা, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই উপজেলায় দ্রুত একজন স্থায়ী ইউএনও পদায়নের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের, চুক্তির ইঙ্গি

ইরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের, চুক্তির ইঙ্গি