দীর্ঘ তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামী ১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে আবারও মাছ আহরণ শুরু হবে। সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ বন্ধ রয়েছে। প্রতিবছর হ্রদের মৎস্যসম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ বছর প্রাথমিকভাবে ৩১ জুলাই পর্যন্ত মাছ আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, হ্রদের পানির অবস্থা এবং মাছের প্রজনন পরিস্থিতি পর্যালোচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন, অর্থাৎ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১১ আগস্ট থেকে পুনরায় মাছ ধরা শুরু করা যাবে।
সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী নেতারা জানান, সাম্প্রতিক সময়ে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেলেও মাছের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজনন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এছাড়া হ্রদের পানি এখনো ঘোলা থাকায় মাছ ধরা জেলেদের জন্য কঠিন হয়ে পড়বে।
তাদের মতে, নিষেধাজ্ঞার সময়সীমা আরও কয়েক দিন বাড়ানো হলে মাছের প্রাকৃতিক বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত হবে। একই সঙ্গে হ্রদের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে জেলেদের উৎপাদন বৃদ্ধিতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ী এবং মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময় পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকলে কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে এবং আগামী মৌসুমে জেলেরা অধিক পরিমাণে মাছ আহরণ করতে পারবেন।
কসমিক ডেস্ক