৫৯ বছরেও হয়নি সেতু, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৫৯ বছরেও হয়নি সেতু, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা

  • নিউজ প্রকাশের তারিখ : May 31, 2026 ইং
৫৯ বছরেও হয়নি সেতু, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা ছবির ক্যাপশন: পটুয়াখালীর বাউফল উপজেলায় খালের ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছেন স্থানীয়রা।

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী একটি খালের ওপর নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকো এখনো স্থানীয়দের একমাত্র যাতায়াতের ভরসা। প্রায় ৫৯ বছর ধরে এই সাঁকো ব্যবহার করেই ঝুঁকি নিয়ে পারাপার করছেন এলাকাবাসী, অথচ এখনো সেখানে কোনো স্থায়ী সেতু নির্মাণ হয়নি।

সরেজমিনে দেখা যায়, খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ব্যবহার হওয়ায় অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে মাঝেমধ্যে মেরামত করে এটিকে চলাচলের উপযোগী রাখলেও এটি এখন আর নিরাপদ নয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলী ব্যাপারী (৬৫) জানান, তিনি শৈশব থেকেই এই বাঁশের সাঁকো দেখে আসছেন। এত বছর পেরিয়ে গেলেও খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হয়নি। প্রতিদিন এলাকার শত শত শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের সময় জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো ব্যবহার করে।

এলাকার যুবক রহমান (৩৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সাঁকো দিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে খাল পানিতে পূর্ণ থাকলে সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। অনেক শিশু সাঁতার না জানায় তাদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়দের দাবি, খালের ওপর একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণ করা হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

ভুক্তভোগী এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ। তাদের মতে, উন্নয়ন বঞ্চনার এই দীর্ঘ ইতিহাসের অবসান ঘটাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বাউফল-দশমিনা আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, বিষয়টি তার জানা ছিল না। তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা এখন দ্রুত সরকারি উদ্যোগে সেতু নির্মাণের অপেক্ষায় রয়েছেন, যাতে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে ৮ জন নিরাপত্তাকর্মীকে অপহরণ, নিহত ৬

পাকিস্তানে ৮ জন নিরাপত্তাকর্মীকে অপহরণ, নিহত ৬