সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার রায় ৯ জুলাই, ঘোষণা আপিল বিভাগের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার রায় ৯ জুলাই, ঘোষণা আপিল বিভাগের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলার রায় ৯ জুলাই, ঘোষণা আপিল বিভাগের ছবির ক্যাপশন:

সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ মামলার রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আংশিক শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। এর আগে গত বছরের ১৩ নভেম্বর আপিল বিভাগের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়েছিল।

এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি অংশকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। ওই রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তিসংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিল ঘোষণা করা হয়।

একই সঙ্গে সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযোজিত ৭(ক), ৭(খ) এবং ৪৪(২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট।

পরবর্তীতে গত বছরের ৮ জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিলের আবেদন জানিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি লিভ টু আপিল করেন। এছাড়া পৃথকভাবে লিভ টু আপিল করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং মোফাজ্জল হোসেন।

শুনানিতে চার আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া অংশ নেন। অন্যদিকে মিয়া গোলাম পরওয়ার ও মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হয়েছে, যা কার্যত সংবিধান পুনর্লিখনের শামিল।

তিনি আরও যুক্তি দেন, সংবিধানের নীতিনির্ধারণী বিষয়গুলো সংসদের বিবেচনার আওতাভুক্ত। কোনো সাংবিধানিক সংশোধনী বহাল থাকবে নাকি পরিবর্তন হবে, সেই সিদ্ধান্ত আদালতের পরিবর্তে সংসদের নেওয়া উচিত। তার মতে, সংবিধানের প্রস্তাবনায় আনা পরিবর্তনসহ অন্যান্য বিষয়ও সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভরসা ও ভালোবাসায় ১৫ বছর পূর্তি উদযাপন করল গাজী টিভি

ভরসা ও ভালোবাসায় ১৫ বছর পূর্তি উদযাপন করল গাজী টিভি