নড়াইলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবিউল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। অভিযুক্তকে আদালতে নেওয়ার সময় বিক্ষোভ, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার (২০ জুলাই) রাত ১২টার দিকে নিহত শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দত্তপাড়া এলাকায় অভিযুক্তকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পরে একটি মাইক্রোবাসে করে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় টার্মিনাল এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষ গাড়ির গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন এবং নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ পাহারায় অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। প্রবল বৃষ্টির মধ্যেও আদালত চত্বরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা মামলার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
দুপুর ১২টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, মামলায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
কসমিক ডেস্ক