রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও যথারীতি চলবে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলাগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং ওই বোর্ডের অধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।
এর আগে রোববার দুপুরে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি এবং জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোনো এলাকার পরীক্ষা স্থগিতের প্রয়োজন হলে তা পরবর্তীতে গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।
কসমিক ডেস্ক