বিশ্ব ফুটবলের অন্যতম আকাঙ্ক্ষিত লড়াই ‘ফিনালিসিমা’ শেষ পর্যন্ত আলাদা কোনো টুর্নামেন্ট হিসেবে অনুষ্ঠিত না হলেও, তার সব রোমাঞ্চ যেন একসঙ্গে এসে জড়ো হয়েছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে। বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে, যা ফুটবলপ্রেমীদের কাছে কার্যত বাতিল হওয়া ফিনালিসিমারই বিকল্প রূপ।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, ভেন্যু নিয়ে মতপার্থক্য এবং সূচিগত জটিলতার কারণে নির্ধারিত ফিনালিসিমা আয়োজন সম্ভব হয়নি। কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর নতুন ভেন্যু নিয়ে উয়েফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে ভাগ্যের পরিহাসে বিশ্বকাপের ফাইনালই এখন সেই প্রতীক্ষিত লড়াইয়ের নতুন মঞ্চ। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। একই সঙ্গে এটি হবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই বর্তমান মহাদেশীয় চ্যাম্পিয়নের শক্তিমত্তা যাচাইয়েরও বড় উপলক্ষ।
ফিনালিসিমা মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। ১৯৮৫ সালে 'আরতেমিও ফ্রাঞ্চি কাপ' হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতা ২০২২ সালে নতুন নামে ফিরে আসে। সেই আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার সেই ট্রফি রক্ষার সুযোগ আলাদা ম্যাচে না মিললেও বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাচ্ছে আলবিসেলেস্তেরা।
ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের মুখোমুখি লড়াই। ৩৯ বছর বয়সেও অসাধারণ পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছেন মেসি। অভিজ্ঞতা, নেতৃত্ব ও সৃজনশীলতায় তিনি এখনও দলের সবচেয়ে বড় ভরসা।
অন্যদিকে স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বার্সেলোনার লা মাসিয়া থেকে উঠে আসা এই উইঙ্গারকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন। তার গতি, ড্রিবলিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বড় ম্যাচে আত্মবিশ্বাস স্পেনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
এই ম্যাচটি কেবল দুই প্রজন্মের দুই তারকার লড়াই নয়; এটি দুই ফুটবল দর্শনেরও সংঘর্ষ। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে তারুণ্যের সাহস। একদিকে বিশ্বকাপজয়ী কিংবদন্তি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য সেরা ফুটবলার।
বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি এই ম্যাচে আরও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আর্জেন্টিনা জিততে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে। অন্যদিকে স্পেন চাইবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নিজেদের নতুন স্বর্ণযুগের ঘোষণা দিতে।
ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাই ১৯ জুলাইয়ের ফাইনাল এখন শুধু বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ নয়; এটি হয়ে উঠেছে বাতিল হওয়া ফিনালিসিমার পূর্ণাঙ্গ প্রতিদান। কোটি কোটি সমর্থকের চোখ এখন নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে নির্ধারিত হবে—শেষ হাসি হাসবেন কিংবদন্তি লিওনেল মেসি, নাকি নতুন যুগের প্রতীক লামিন ইয়ামাল।
কসমিক ডেস্ক