লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পারিবারিক বিরোধ ও অর্থসম্পদ নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুল মান্নান নামে এক প্রবাসীকে পিটিয়ে আহত করে পাঁচ দিন ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে তার স্ত্রী, দুই ছেলে ও শ্যালকের বিরুদ্ধে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) রাতে ভুক্তভোগীর ছোট ভাই মো. সেলিম রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন ভুক্তভোগীর স্ত্রী পারভীন বেগম, দুই ছেলে পারভেজ ও মাহাজ এবং শ্যালক ফয়েজ। তারা সবাই উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও অর্থসম্পদ সংক্রান্ত বিরোধের কারণে অভিযুক্তরা আব্দুল মান্নানকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। গত ১০ জুলাই রাতে অর্থসম্পদের লোভে তাকে জিআই পাইপ দিয়ে মারধর করা হয়। এতে তার মাথার বাম পাশে ও নাকে গুরুতর আঘাত লাগে।
অভিযোগ অনুযায়ী, আহত হওয়ার পর তাকে চিকিৎসার ব্যবস্থা না করে ঘরের ভেতর আটকে রাখা হয়। পরে মান্নানের ভাই সেলিম বাড়িতে গিয়ে তার খোঁজ করলে পরিবারের সদস্যরা জানান, তিনি ঢাকায় রয়েছেন। তবে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, মান্নান ওই বাড়িতেই আটকে আছেন।
এরপর স্থানীয়দের সহযোগিতায় আব্দুল মান্নানকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার মাথায় চারটি এবং নাকে তিনটি সেলাই দিতে হয়েছে।
ভুক্তভোগীর ভাই মো. সেলিম বলেন, তার বড় ভাই প্রায় ৩০ বছর প্রবাসে ছিলেন এবং উল্লেখযোগ্য অর্থসম্পদের মালিক। সেই সম্পদের লোভেই স্ত্রী, সন্তান ও শ্যালক তার ওপর হামলা চালিয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক