নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিএনপির অব্যাহত পদক্ষেপ: ডা. জাহিদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিএনপির অব্যাহত পদক্ষেপ: ডা. জাহিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিএনপির অব্যাহত পদক্ষেপ: ডা. জাহিদ ছবির ক্যাপশন:

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে আসছে। ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বিশেষ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারাবাহিকতা বজায় রাখেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ও চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণে এই আদর্শ অনুসরণ করে কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী জানান, মেয়েদের স্কুলে ইউনিফর্ম প্রদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমে বিভিন্ন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ বিএনপি সরকারের সময়ে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি নারীদের অবদানকে স্বীকৃতি দিতে বেগম রোকেয়া পদক চালু করা হয়েছে, যা নারীর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান সরকারের অধীনে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী নারীদের সহায়তা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। নারীরা শুধু চাকরির ওপর নির্ভর না করে উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারবেন। ছোট পরিসরে বিনিয়োগ করে নারী ব্যবসা শুরু করতে পারেন, যা অন্য নারীদেরও কর্মসংস্থানের সুযোগ দিতে সক্ষম।

বিএনপি বর্তমান নেতৃত্ব পরিবারভিত্তিক একটি “ফ্যামিলি কার্ড” চালুর পরিকল্পনা করেছে। এতে প্রতি পাঁচজনকে একটি পরিবার হিসেবে ধরা হবে এবং কার্ডটি পরিবারের মা, বোন বা নারী অভিভাবিকার নামে ইস্যু করা হবে। ধীরে ধীরে এটি “ওয়ান সিটিজেন ওয়ান কার্ড” পদ্ধতিতে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ও অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সহ-স্থানীয় সরকার বিষয়ক নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার, গীতিকার ও সুরকার ইথুন বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ এনাম মুন্না প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ