অপরিকল্পিত নগরায়ণের অন্যতম প্রধান কারণ হিসেবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাকে দায়ী করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনা ও কারিগরি বিশ্লেষণের ভিত্তিতেই দেশের মেগা প্রকল্পগুলোর ব্যয় নির্ধারণ করা হয়।
শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে ‘প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা ও বিধিমালা উপেক্ষা করে সড়ক ও অবকাঠামো ঘিরে আবাসন গড়ে ওঠায় নগর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে ডিটেইল্ড পরিকল্পনা বাস্তবায়নও জটিল হয়ে পড়ছে।
তিনি আরও জানান, ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরবাসীর চাহিদা বিবেচনায় সরকার এখন ছোট ছোট প্রকল্পের পরিবর্তে সমন্বিত ও দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার দিকে গুরুত্ব দিচ্ছে। টেকসই নগরায়ণ নিশ্চিত করতে পরিকল্পিত উন্নয়ন ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে উপস্থিত প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবন নির্মাণে বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকেও অনুমোদিত নকশা অনুযায়ী ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান তিনি।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, ভবিষ্যতের পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে আবাসিক ভবনের নকশায় সোলার সিস্টেম অন্তর্ভুক্ত করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এ বিষয়ে প্রকৌশলীদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
কসমিক ডেস্ক