মানবপাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডিসি ফরিদা খানমের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মানবপাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডিসি ফরিদা খানমের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
মানবপাচার রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডিসি ফরিদা খানমের ছবির ক্যাপশন:

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (১৫ জুন) ঢাকার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জেলা পর্যায়ের কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিসি ফরিদা খানম বলেন, মানবপাচার শুধু একটি অপরাধ নয়, এটি মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ রূপ। একই সঙ্গে এটি সমাজের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

তিনি বলেন, উন্নত জীবনের আশায় অনেক মানুষ দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে সমুদ্রপথে অনিয়মিত অভিবাসনের প্রবণতা দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। এতে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, অনেকে নিখোঁজ হচ্ছে এবং বিদেশে গিয়ে শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন মানুষের অধিকার হলেও অবৈধ অভিবাসন মানুষকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তাই জনগণের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, মানবপাচার প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমসহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ করে তরুণ প্রজন্মকে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করা এবং দালালচক্রের অপতৎপরতা সম্পর্কে সতর্ক করা জরুরি বলে তিনি মত দেন।

ফরিদা খানম বলেন, সরকার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগ সফল করতে হলে স্থানীয় পর্যায়ে কার্যকর বাস্তবায়ন, তথ্য বিনিময় এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ ভবিষ্যতে মানবপাচার প্রতিরোধে কার্যকর নীতি ও করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন উপস্থিত ছিলেন। তিনি মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং চলমান কার্যক্রম সম্পর্কে মতামত দেন।

সব মিলিয়ে কর্মশালাটি নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজবাড়ীতে পদ্মার ৮ কেজি চিতল বিক্রি ১২ হাজার ৩০০ টাকায়

রাজবাড়ীতে পদ্মার ৮ কেজি চিতল বিক্রি ১২ হাজার ৩০০ টাকায়