অ্যাপলের এয়ারপড উৎপাদনকারী এবং যন্ত্রাংশ সরবরাহকারী চীনা প্রতিষ্ঠান লাক্সশেয়ার প্রিসিশন ইন্ডাস্ট্রি হংকং শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে। তবে বাজারে যাত্রার প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী ছিল।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেন শুরুর পর একপর্যায়ে কোম্পানিটির শেয়ারদর প্রায় ৫ শতাংশ পর্যন্ত নেমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে শেয়ারটির দাম ১ দশমিক ৫৫ শতাংশ কমে ৬২ দশমিক ৩০ হংকং ডলারে লেনদেন শেষ হয়।
চলতি বছরে হংকংয়ের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) সম্পন্ন করেছে লাক্সশেয়ার। প্রতিটি শেয়ারের মূল্য ৬৩ দশমিক ২৮ হংকং ডলার নির্ধারণ করে প্রতিষ্ঠানটি ২৪ দশমিক ২৭ বিলিয়ন হংকং ডলার, অর্থাৎ প্রায় ৩০৯ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে।
২০০৪ সালে প্রতিষ্ঠিত লাক্সশেয়ার আগে থেকেই চীনের শেনজেন শেয়ারবাজারে তালিকাভুক্ত। শুরুতে অ্যাপলের এয়ারপড সংযোজনের কাজ করলেও বর্তমানে প্রতিষ্ঠানটি ভোক্তা ইলেকট্রনিকস, অটোমোটিভ ইলেকট্রনিকস, যোগাযোগ প্রযুক্তি এবং ডেটা সেন্টারের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রাংশ উৎপাদন করছে।
কোম্পানিটির মোট আয়ের প্রায় ৭০ শতাংশই আসে অ্যাপলের সঙ্গে ব্যবসা থেকে। ২০২৫ সালে লাক্সশেয়ারের রাজস্ব দাঁড়ায় ৩৩২ দশমিক ৩৪ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের ২৬৮ দশমিক ৭৯ বিলিয়ন ইউয়ানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন প্রতিষ্ঠান অধিগ্রহণ এবং কৌশলগত অংশীদারত্বেও গুরুত্ব দিচ্ছে লাক্সশেয়ার। চলতি বছরের এপ্রিলে জার্মানির অটোমোটিভ কেবল নির্মাতা লিওনি এজি-তে নিজেদের নিয়ন্ত্রণমূলক অংশীদারি বাড়িয়ে ৭৪ দশমিক ৯ শতাংশে উন্নীত করেছে।
এদিকে চলতি সপ্তাহে হংকং শেয়ারবাজারে লাক্সশেয়ারের পাশাপাশি স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান মোমেন্টা এবং চিপ নির্মাতা নেক্সচিপও শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এ কারণে প্রযুক্তি খাতের আইপিও বাজারে নতুন করে গতি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কসমিক ডেস্ক