পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান টানা ২০ দিনের সরকারি সফরে তিনটি দেশ সফরে যাচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলিপাইনের ম্যানিলা এবং সর্বশেষ মালদ্বীপে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন।
নিউইয়র্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাবেন। সেখানে অনুষ্ঠিতব্য আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এ অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই ফোরামে আঞ্চলিক নিরাপত্তা, সহযোগিতা ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা।
এরপর সফরের শেষ পর্যায়ে মালদ্বীপ যাবেন খলিলুর রহমান। কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
সফর শেষে আগামী ৩০ জুলাই মালদ্বীপের রাজধানী মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি, জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় প্ল্যাটফর্মে দেশের অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাই এ সফরের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কসমিক ডেস্ক