পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের জন্য বন্ধ থাকবে। এই সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম এবং পণ্যবাহী ট্রাক চলাচল স্থগিত থাকবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানিয়েছেন, সংগঠনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটিতে বন্দরে সিএন্ডএফ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২৮ মার্চ থেকে পুনরায় নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ পর্যন্ত সিএন্ডএফ কার্যক্রম নিয়মিতভাবে চলবে। পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আমদানি-রপ্তানি প্রক্রিয়া সচল রাখা হচ্ছে।
উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, সরকারি ছুটির কারণে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও বন্দরের কিছু প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চলতে পারে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান বলেন, পর্যটন বা চিকিৎসার জন্য যাত্রীরা নিয়মিত প্রক্রিয়ায় সীমান্ত অতিক্রম করতে পারবেন।
কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, বড় ধর্মীয় উৎসবে শ্রমিক ও সংশ্লিষ্টদের ছুটির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ছুটির পর ২৮ মার্চ থেকে বন্দরে পুনরায় চাঞ্চল্য ফিরবে। এছাড়া ব্যবসায়ীরা সতর্ক রয়েছেন যাতে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।
কসমিক ডেস্ক