ক্রিকেট ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে ‘ভারত আউট’ কর্মসূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্রিকেট ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে ‘ভারত আউট’ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ক্রিকেট ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে ‘ভারত আউট’ কর্মসূচি ছবির ক্যাপশন:

জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে গণভোট সামনে রেখে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র এবং ক্রিকেটে আধিপত্য বিস্তারের অভিযোগে ‘ভারত আউট’-এর ডাক দিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির অভিযোগ, বাংলাদেশের নির্বাচনব্যবস্থা, ক্রীড়াঙ্গন ও রাষ্ট্রীয় স্বার্থে ভারতের প্রভাব দিন দিন বাড়ছে, যা দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।

শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘র‌্যালি ফর বাংলাদেশ’ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, জাতীয় পর্যায়ের রাজনীতিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা অংশ নেন। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় জড়িতদের এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত আশ্রয় দিচ্ছে। একই সঙ্গে বিগত চারটি সংসদ নির্বাচনসহ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ রয়েছে বলে তারা দাবি করেন।

বক্তাদের মতে, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও ভারত সরাসরি যুদ্ধের পথ না বেছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেঁয়াজ রপ্তানি বন্ধ করা, সীমান্তবর্তী এলাকায় নদীর বাঁধ খুলে বন্যা পরিস্থিতি সৃষ্টি এবং দীর্ঘদিন ধরে পানিবণ্টন চুক্তি ঝুলিয়ে রাখার মতো বিষয়গুলো তুলে ধরে তারা বলেন, এসব কর্মকাণ্ড বন্ধুত্বপূর্ণ আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সমাবেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ‘ইন্ডিয়া বয়কট’-এর আহ্বান জানানো হয় এবং দেশবাসীকে এ আন্দোলনে যুক্ত হওয়ার অনুরোধ করা হয়। বক্তারা অভিযোগ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে গভীর চক্রান্ত চলছে এবং নির্বাচনকে প্রকৃত অর্থে ভোট নয়, বরং ‘সিলেকশন’ প্রক্রিয়ায় পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের প্রত্যক্ষ মদতে দমন-পীড়ন চালানো হয়েছে। তার অভিযোগ, লোক দেখানো সহানুভূতি দেখালেও এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, দেশীয় তদন্ত সংস্থার ওপর আস্থা নেই; আন্তর্জাতিক তদন্ত ছাড়া এ হত্যাকাণ্ডে ন্যায়বিচার সম্ভব নয়।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন অভিযোগ করেন, ভারতের প্রভাবে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ব্যঙ্গ করে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া শিলংয়ে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনের সময় আলো নিভিয়ে দেওয়ার ঘটনাকে ক্রীড়াঙ্গনে হস্তক্ষেপের উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ আর কোনো সাজানো বা নিয়ন্ত্রিত প্রতিবাদ মেনে নেবে না। তার মতে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংগঠিত চক্রান্ত চলছে, যার লক্ষ্য জুলাইয়ের গণজাগরণকে দমন করা। তবে ছাত্র-জনতা এখন সচেতন এবং প্রতিরোধে প্রস্তুত।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে বারবার শুধুমাত্র ভারতেই খেলতে বাধ্য করা হয় এবং ভেন্যু পরিবর্তনের আবেদন উপেক্ষা করা হয়। বক্তারা এটিকে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

সমাবেশ শেষে শহীদ মিনার এলাকা ‘ভারত আউট’, ‘ইন্ডিয়া বয়কট’ ও ‘শহীদ ওসমান হাদির বিচার চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাত নামলেই নিভে যায় চুলা: সাঁথিয়া–বেড়ায় গ্যাস সংকটে দুর্ভোগ

রাত নামলেই নিভে যায় চুলা: সাঁথিয়া–বেড়ায় গ্যাস সংকটে দুর্ভোগ