ইউক্রেন-রাশিয়া যুদ্ধের চেহারা দ্রুত বদলে যাচ্ছে। একসময় যেখানে সামনের সারিতে সৈন্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল যুদ্ধের প্রধান দৃশ্য, এখন সেখানে ক্রমেই জায়গা করে নিচ্ছে ড্রোন, রোবট এবং দূরনিয়ন্ত্রিত আধুনিক যুদ্ধাস্ত্র। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই যুদ্ধ এখন প্রযুক্তিনির্ভর এক নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বহু সামরিক অভিযান এখন এমনভাবে পরিচালিত হচ্ছে যেখানে সরাসরি কোনো সৈন্য যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে না। বিস্ফোরক বহনকারী রোবট রুশ অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে, আকাশে থাকা নজরদারি ড্রোন পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দূরবর্তী নিরাপদ নিয়ন্ত্রণকক্ষ থেকে অপারেটররা পুরো অভিযান পরিচালনা করছেন।
দীর্ঘ যুদ্ধ, জনবল সংকট এবং পশ্চিমা সহায়তা নিয়ে অনিশ্চয়তার কারণে ইউক্রেন ক্রমশ প্রযুক্তিনির্ভর যুদ্ধ কৌশলের দিকে ঝুঁকেছে। ড্রোন, রোবটিক যান এবং স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থার ব্যবহার বাড়িয়ে তারা নতুন কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইতিহাসে প্রথমবারের মতো শুধু রোবট ও ড্রোন ব্যবহার করে একটি রুশ অবস্থান দখল করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের শুরু থেকে হাজার হাজার মানববিহীন মিশন পরিচালিত হয়েছে।
ইউক্রেনীয় সেনাদের মধ্যে এসব বিস্ফোরকবাহী রোবটকে ‘সাইলেন্ট ডেথ’ বা ‘নীরব মৃত্যু’ নামে অভিহিত করা হচ্ছে। কারণ এগুলো এতটাই নিঃশব্দে চলতে পারে যে শত্রুপক্ষ অনেক সময় খুব কাছাকাছি না আসা পর্যন্ত বুঝতেই পারে না।
একজন ডেপুটি-কমান্ডারের ভাষায়, আগে যুদ্ধ ছিল মূলত মানুষের দক্ষতা ও সাহসের ওপর নির্ভরশীল। কিন্তু এখন প্রযুক্তিই যুদ্ধের ফল নির্ধারণ করছে, এবং এই পরিবর্তন থেকে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ এখন শুধু ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং আধুনিক সামরিক প্রযুক্তির একটি বাস্তব পরীক্ষাগার। আহত সৈন্য উদ্ধার, রসদ সরবরাহ এবং সরাসরি হামলা—সব ক্ষেত্রেই রোবট ও ড্রোন ব্যবহৃত হচ্ছে।
সব মিলিয়ে ইউক্রেন-রাশিয়া সংঘাত এখন আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ কেমন হতে পারে, তারই একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।
কসমিক ডেস্ক