৭২ বছর পর ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ডের সামনে এবার সবচেয়ে কঠিন পরীক্ষা। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিদের শক্তিমত্তা স্বীকার করলেও আর্জেন্টিনাকে অপ্রতিরোধ্য বা অপরাজেয় মনে করছেন না সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন।
রাউন্ড অব ১৬-তে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা তাদের জন্য বিশেষ একটি সুযোগ। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে আর্জেন্টিনাকে হারানো সম্ভব।
সুইস কোচ বলেন, “আর্জেন্টিনা অবশ্যই দুর্দান্ত একটি দল। কিন্তু তারা অপরাজেয় নয়। আমরা তাদের হারানোর চেষ্টা করব। দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে।”
অন্যদিকে, সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ প্রতিপক্ষকে নিয়ে আরও সতর্ক অবস্থান নিয়েছেন। তার মতে, আর্জেন্টিনা শুধু লিওনেল মেসির দল নয়; তাদের দলে বিশ্বমানের অনেক খেলোয়াড় রয়েছেন। পাশাপাশি কোচিং স্টাফও অত্যন্ত দক্ষ, যা দলটিকে আরও শক্তিশালী করে তুলেছে।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরি দুশ্চিন্তাও পিছু ছাড়ছে না সুইজারল্যান্ডকে। চলতি বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ তিন গোল করা ইয়োহান মানজাম্বি অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ায় কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। কোচ ইয়াকিন জানিয়েছেন, তার অবস্থা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
তিনি বলেন, “এ ধরনের চোট এত দ্রুত সেরে ওঠে না। কী ধরনের চোট, সেটিও এখনো নিশ্চিত নই। যদি সে খেলার মতো অবস্থায় থাকে, অবশ্যই তাকে খেলাব। তবে কোনো ঝুঁকি নিতে চাই না।”
এ ছাড়া চোটের কারণে মিশেল এবিশার ও লুকা ইয়াকেজও এখনও দলের বাইরে রয়েছেন। তাদের ফিটনেস নিয়েও চিকিৎসক দলের পর্যবেক্ষণ চলছে।
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফুটবলপ্রেমীদের চোখ এখন এই হাইভোল্টেজ লড়াইয়ের দিকেই।
কসমিক ডেস্ক