বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়নেই বর্তমান বন্যা পরিস্থিতি: রিজভী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়নেই বর্তমান বন্যা পরিস্থিতি: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়নেই বর্তমান বন্যা পরিস্থিতি: রিজভী ছবির ক্যাপশন:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বর্তমান বন্যা পরিস্থিতির পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন নীতির বড় ভূমিকা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বলেন, পরিকল্পনাহীন অবকাঠামো নির্মাণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বেড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার পরিবেশবান্ধব ও প্রকৃতিবান্ধব উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিএনপিও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

রিজভী অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওড়ের ওপর সড়ক নির্মাণের ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। এর প্রভাবে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি উন্নয়নের নামে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগও তোলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং ব্যক্তিস্বার্থে কালভার্ট নির্মাণ জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব সমস্যা সমাধানে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাল দখলমুক্ত করার অভিযান চলমান রয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দখলদার যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সারাদেশে প্রায় ২৬ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইসরায়েলে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা

ইসরায়েলে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা